নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম
নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হলে বাংলাদেশ ও ইতালির মধ্যে ঢাকা-রোম রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ইউরোপে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে ফ্লাইটের সংখ্যা বাড়ানো প্রয়োজন। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুই দেশের মধ্যে সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে আকাশপথে যোগাযোগ বৃদ্ধি, এভিয়েশন খাতে ইতালীয় বিনিয়োগ, উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) সুবিধার উন্নয়ন এবং পর্যটন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
উড়োজাহাজের এমআরও হাব প্রতিষ্ঠায় ইতালির বিখ্যাত প্রতিষ্ঠান ‘এজ কোম্পানি’, ‘আতিতেক এসপিএ’ ও ‘জিলারদোনি’র অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা রাষ্ট্রদূতকে জানান মন্ত্রী।
এ ছাড়া পর্যটকদের নিরাপত্তা ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিতে বিশেষ ‘রেড জোন’ গঠন এবং কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার পর প্রবাসী ও বিদেশি পর্যটকদের যাতায়াত সহজ করার বিষয়টি উঠে আসে।
বাংলাদেশে ইতালীয় পর্যটকের সংখ্যা বৃদ্ধিতে যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও দুই পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
সাক্ষাৎকালে ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জামপারেল্লিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএম