Dhaka Mail Logo

জাতীয়

জার্মানি ফেরত প্রতিবন্ধী জাকিরের পরিবারের সন্ধান চায় ব্র্যাক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম

জার্মানি থেকে বাংলাদেশে ফেরত পাঠানো শারীরিক প্রতিবন্ধী জাকির হোসেনের পরিবারের সন্ধান পেতে সহযোগিতা চেয়েছে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। 

গত ৮ অক্টোবর সকালে ঢাকায় ফেরত আসার পর থেকে জাকির ওই কেন্দ্রে অবস্থান করছেন। দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তার স্বজনদের খুঁজে পেতে চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্টরা।

জাকির হোসেনের বাড়ি সিলেট অঞ্চলে বলে ধারণা করা হচ্ছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার মোল্লাপাড়ায়ও হতে পারে। তবে তার ঠিকানা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাকিরের ভাষ্য অনুযায়ী, ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। বিভিন্ন দেশ ও পথ ঘুরে একপর্যায়ে জার্মানিতে পৌঁছান এবং সেখানে প্রায় ২০ বছর অবস্থান করেন। পরে একটি দুর্ঘটনায় তিনি শারীরিক প্রতিবন্ধী হয়ে যান। বর্তমানে হুইলচেয়ার ছাড়া তার চলাচল করা সম্ভব নয়।

দীর্ঘদিন ধরে পরিবারের কারও সঙ্গে জাকিরের যোগাযোগ নেই। তার কাছে পরিবারের সদস্যদের কোনো মোবাইল নম্বরও নেই। ফলে স্বজনদের সঙ্গে যোগাযোগে জটিলতা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ছয় দিন ধরে চেষ্টা চালিয়েও জাকিরের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। তবে তার পারিবারিক পরিচয় ও ঠিকানা সম্পর্কে এখনো সব তথ্য নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

জাকির হোসেনকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দাসহ সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

কেউ জাকির হোসেনকে চিনে থাকলে তার পরিবারের সন্ধান জানলে অথবা তার স্বজনদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারলে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার, মোবাইল: ০১৯৬৪৯৬৪২৯২। 

এমআইকে/এএইচ