Dhaka Mail Logo

জাতীয়

চার ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পিএম

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নিভতে আরও অনেক সময় লাগবে বলে জানিয়েছে বাহিনীটি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে ২০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরা অংশ নেন।

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আরেফিন জুনাইদ জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোম্পানির কর্তৃপক্ষের সহায়তায় ভবনের ভেতরে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এই কর্মকর্তা বলেন, বর্তমানে ভবনের ভেতরে কোনো কর্মী নেই। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পরই আমরা নিশ্চিত করে বলতে পারব ভেতরে কেউ হতাহত হয়েছেন কি না।

Fire33

আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, রাবার, অ্যালুমিনিয়ামের দাহ্য পদার্থগুলো থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, চার তলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তী সময়ে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আগুনে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। 

এর আগে সকাল সোয়া ১০টার দিকে কারখানাটির ইউনিট-২-এর চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওষুধ তৈরির কাঁচামাল ও কারখানার বিভিন্ন অংশে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একের পর এক ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

Fire22

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, উত্তরা ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি এবং পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। এ ছাড়া রাসায়নিক উপাদানজনিত দুর্ঘটনা মোকাবিলায় মিরপুর থেকে একটি বিশেষায়িত হ্যাজম্যাট টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়।

অগ্নিনির্বাপণে সহায়তা করতে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্য ও গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ওষুধ তৈরির কাঁচামালের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

Fire1

এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে দুই শ্রমিক আহত হন বলে জানা গেছে। তাঁদের মধ্যে সাদেক হোসেন (৩৮) নামের একজনকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অপর আহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্যও নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি