Dhaka Mail Logo

জাতীয়

বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।

বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা দফায় দফায় সড়কে অবস্থান নেয়। অবরোধ চলে দুপুর পর্যন্ত।

এতে বিমানবন্দর, আজমপুর ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী, অফিসগামী মানুষ ও বিভিন্ন কাজে বের হওয়া সাধারণ মানুষ। পরে তাদেরকে পুলিশ বুঝিয়ে সড়ক থেকে তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

জানা গেছে, শ্রমিকদের এই আন্দোলন বুধবার তৃতীয় দিনের মতো চলেছে। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সোমবার (১২ অক্টোবর) থেকে তারা সড়কে বিক্ষোভ করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা উত্তরা এলাকার আজমপুর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে তারা বিমানবন্দর সড়কের দিকে সরে গিয়ে অবরোধ চালিয়ে যান। দুপুরের দিকে উত্তরখান এলাকা থেকেও একটি বড় মিছিল এসে সড়কে অবস্থান নেয়।

Demand_for_salary_increase_in_Uttara2

শ্রমিকদের অবরোধের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে অনেক যাত্রী বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতেও দেখা গেছে।

উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক ঢাকা মেইলকে বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা সকালে আজমপুর এলাকায় সড়কে নেমেছিল। এতে সড়ক যান চলাচল বন্ধ করে দেন তারা। পরে তাদের বুঝিয়ে তুলে দেওয়া হয়। তারা প্রায় ৪০ মিনিট আগে সড়ক ছেড়ে ওঠে গেছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমআইকে/এসআই