Dhaka Mail Logo

জাতীয়

উত্তরায় ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাসহ গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৯ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিমের ৭নং সেক্টর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়ে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- সালাউদ্দিন সুমন (৪৮) ও মো. নুরুল হক ওরফে সোহাগ (৩০)।

থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে শামসুল ইসলাম রিকশাযোগে উত্তরা পশ্চিমের ৩নং সেক্টরের একটি বাসার সামনে পাকা রাস্তার ওপর পৌঁছামাত্র অটোরিকশাযোগে অজ্ঞাত চালকসহ তিন থেকে চারজন ব্যক্তি তার রিকশার সামনে এসে গতিরোধ করে। 

এরপর তারা ভুক্তভোগীকে কিল-ঘুষি মেরে আহত করে এবং ধারালো চাকুর ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হলে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারের পর তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এমআইকে/এসআই