Dhaka Mail Logo

জাতীয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় অবস্থিত ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

মহাসড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় দূরপাল্লার গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন একই স্থানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।

এদিকে রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের এটিও একটি কারণ।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা আজমপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন। পরে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের অন্যান্য স্টেশন থেকে আরও ১৭টি ইউনিট যুক্ত হয়ে বর্তমানে মোট ২০টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, কারখানাটির ৬ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনের ভেতরে ওষুধ তৈরির প্রচুর রাসায়নিক পদার্থ (কেমিক্যাল) থাকায় আগুনের তীব্রতা ও ভয়াবহতা অনেকটাই বেড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, কেমিক্যাল, ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পসামগ্রী রয়েছে। আগুনের কারণে এসব মালামাল বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ কী, তা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

আরএনবি/এআরএম