নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে হেনস্তা, অপমানজনক স্লোগান ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ।
একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী গ্রেফতার ও বিচারের ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১৪ অক্টোবর) সিটিজেন ইনিশিয়েটিভের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক সমাজে যেকোনো ব্যক্তির রাজনৈতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্তের সমালোচনা করার অধিকার রয়েছে। তবে মিথ্যা অভিযোগ তুলে কাউকে জনসমক্ষে হেনস্তা করা, ভয়ভীতি প্রদর্শন কিংবা মব সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনৈতিক আচরণ হতে পারে না।
আরও পড়ুন: কত ঘণ্টায় পুরোপুরি নিভল চকবাজারের আগুন?
এতে আরও বলা হয়, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত ব্যক্তিদের এমন কর্মকাণ্ড রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। এ ধরনের আচরণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে।
সিটিজেন ইনিশিয়েটিভ বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে জরুরি ভিত্তিতে কূটনৈতিক যোগাযোগ জোরদার করতে হবে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী তদন্ত, গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য কখনোই সহিংসতা, হেনস্তা কিংবা মব সৃষ্টির বৈধতা দিতে পারে না। দেশে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের মর্যাদা ও নিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করতে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।
এমআর/এআরএম