Dhaka Mail Logo

জাতীয়

কত ঘণ্টায় পুরোপুরি নিভল চকবাজারের আগুন?

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২৬, ১১:১১ এএম

পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজা মার্কেট। মার্কেটটিতে লাগা আগুন দীর্ঘ ৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল ৬টা ৩০মিনিটে চকবাজারের আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে মার্কেটটিতে আগুন লাগার খবর পায় তারা। বিকেল সাড়ে ৫টার আগেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

ওই সময় ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদাম ছিল। এসব গুদামের দরজা ও শাটার তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। তালা ও শাটার ভেঙে প্রবেশের পর আগুনের উৎস এবং বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া আগুন মোকাবিলা করতে হয়েছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, ভবনের ভেতরে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত পথ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘন ধোঁয়ার মধ্যে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৪ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

আগুন নেভাতে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ ছিল। পানির সীমিত উৎস এবং সরু রাস্তা ও প্রচণ্ড তাপের কারণে পানিবাহী গাড়ি নিয়ে কাজ করা কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছিলেন ফায়ারের কর্মীরা।

এসআই