Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে মধ্যরাতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেফতার ৩৪৪

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম

রাজধানীতে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে একযোগে ব্লক রেইড অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়া- এই চার থানায় রাত ৯টার পর শুরু হয় বিশেষ ব্লক রেইড। পুলিশ, ডিবি, সোয়াত, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য এতে অংশ নেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে চার ঘণ্টার এই অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩৪৪ জন অপরাধীকে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গুলিসহ বিপুল মাদক উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, অভিযানে ৪টি এলাকা থেকে গ্রেফতার করা হয় ৩৪৪ জন অপরাধীকে। এর মধ্যে পল্লবীতেই ২০২ জন, মোহাম্মদপুরে ৫৯ জন, আদাবরে ৪৫ এবং গেন্ডারিয়ায় ৩৮ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না। সামনেও অব্যাহত থাকবে এই বিশেষ অভিযান। 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের তথ্য প্রাথমিক যাচাই-বাছাই শেষে যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের আদালতে পাঠানো হবে এবং অন্যদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে। 

অভিযানে থানা পুলিশের পাশাপাশি, ডিবি, এপিবিএন ও এসআরবির সদস্যরা অংশ নেয়। 

এআরএম