Dhaka Mail Logo

জাতীয়

কবুতর ধরতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ এএম

রাজধানীর মুগদায় নিজ বাসার পাঁচতলার ছাদে কবুতর ধরতে গিয়ে নিচে পড়ে মো. রোহিত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রোহিত রাজধানীর মান্ডা বড়পাড়া এলাকার শেষ মাথায় পানির পাম্প-সংলগ্ন নিজ বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম শহর আলী। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, রোহিত পেশায় কবুতরের ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন রিয়াদ হোসেন জানান, রোহিত পেশাগত কারণে বেশির ভাগ সময় কবুতর নিয়েই ব্যস্ত থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় বাসার পাঁচতলার ছাদে কবুতর ধরতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

রিয়াদ আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা প্রথমে রোহিতকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে রোহিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এমএমআর/এসআই