জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম
রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার মন্দিরে প্রতীমার অলংকার চুরির অভিযোগে এক দম্পতিসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তারা হলেন- লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় ওরফে দীপ্ত (৩০)। এছাড়া চুরি করা স্বর্ণ কেনার অভিযোগে মো. মুহিন (৩৭) ও জাকারিয়া ইসলাম নামে দুই স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, চুরি করা স্বর্ণালঙ্কার বিভিন্ন জুয়েলারি দোকানে বিক্রি করতেন ওই দম্পতি। তাদের জিজ্ঞাসাবাদে রাজধানীর একাধিক মন্দিরে স্বর্ণ চুরির তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
তিনি জানান, গ্রেফতারের পর আদালতে পাঠানো হলে তারা ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান এলাকার সাদিয়া জুয়েলার্সের মালিক মো. মুহিনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুই আনা এক রতি চার পয়েন্ট ওজনের স্বর্ণের পাত উদ্ধার করা হয়েছে।

এই দম্পতি নিয়মিত মন্দিরে চুরি করতেন কি না- এমন প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে তিনটি ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পরবর্তী জিজ্ঞাসাবাদে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।
পুলিশ জানায়, গত ৭ অক্টোবর রাজধানীর শাহবাগ থানার শ্রী শ্রী রমনা কালী মন্দিরে কালী প্রতীমার জিহ্বায় বসানো স্বর্ণ চুরির ঘটনা ঘটে। ওই দিন সকাল পৌনে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে প্রায় ছয় আনা ওজনের স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সুজিত চক্রবর্তী শাহবাগ থানায় অভিযোগ করেন।
ঘটনার তদন্তে মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্ত করে পুলিশ। পরে গত ১১ অক্টোবর উত্তরখান থানার ডোবাদিয়া এলাকা থেকে লিপি কর্মকার ও অর্ণব রায়কে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রতীমার স্বর্ণ চুরির ঘটনার সঙ্গে ওই দম্পতির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় রমনা থানায় মামলা হয়েছিল। গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় জাকারিয়া ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি করা স্বর্ণ কেনার অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের একটি মন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করে পালানোর সময় ওই দম্পতি এক পুরোহিতের হাতে ধরা পড়েন। পরে মন্দির কমিটির সদস্যরা তাদের ছেড়ে দেন। ঘটনাগুলোর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমআইকে/এএইচ