নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত অতিথি গবেষণা কার্যক্রমের জন্য চারটি গবেষণা প্রস্তাব চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত গবেষকেরা প্রত্যেকে তিন লাখ টাকা করে গবেষণা বৃত্তি পাবেন। আগামী ছয় মাসের মধ্যে তাদের গবেষণাকাজ সম্পন্ন করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পিআইবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চূড়ান্তভাবে নির্বাচিত গবেষণা প্রস্তাবগুলো হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাশাহুদ আহমেদ রাফিমের ‘আন্তর্জাতিক পরিসরে জুলাই গণঅভ্যুত্থানের চিত্রায়ন: দক্ষিণ এশীয় গণমাধ্যমের তুলনামূলক বিশ্লেষণ’; যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ফিলিপ মেরিল কলেজ অব জার্নালিজমের সহযোগী অধ্যাপক নাঈমুল হাসানের ‘বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রশ্নে গণমাধ্যমের ভূমিকা: একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ (২০০৯-২০২৪)’; দৃক ট্রাস্টের গবেষক মীর হুজাইফা আল মামদূহর ‘টিকটক ও ডিজিটাল শ্রেণিগত বিভাজন: প্রান্তিকতার অভিজ্ঞতা’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মুযযাম্মিল হকের ‘সংকটকালীন তথ্যপ্রবাহ ও ডিজিটাল অ্যাক্টিভিজম: ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে নিউ মিডিয়ার ব্যবহার ও বাস্তবতা’।
পিআইবি জানায়, তিন সদস্যের একটি জুরি বোর্ড তিন ধাপে মূল্যায়ন, সাক্ষাৎকার ও উপস্থাপনার ভিত্তিতে ১৭১টি গবেষণা প্রস্তাব থেকে চূড়ান্ত চারটি নির্বাচন করে। বোর্ডে পিআইবির একজন প্রতিনিধি এবং দুটি বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক ছিলেন।
গবেষণা কার্যক্রমের জন্য ২০২৫ সালের ২৬ আগস্ট দেশের চারটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়। নির্ধারিত সময় ২০ সেপ্টেম্বরের মধ্যে দেশ-বিদেশ থেকে মোট ১৭১টি প্রস্তাব জমা পড়ে। প্রস্তাবের কাঠামো, বিষয়বস্তু ও বাজেট মূল্যায়নের ভিত্তিতে প্রথমে ৬০টি প্রস্তাব বাছাই করা হয়। পরবর্তী ধাপে মান যাচাই করে ২১টি প্রস্তাব নির্বাচন করা হয়। সেখান থেকে ১২টি প্রস্তাবের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে সাক্ষাৎকার ও উপস্থাপনার মাধ্যমে চূড়ান্ত চারটি নির্বাচন করা হয়।
পরিবর্তনশীল গণমাধ্যম, সাংবাদিকতা, ভুয়া তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য, ডিজিটাল সাংবাদিকতা, গণমাধ্যমে ইতিহাসের বয়ান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারসহ সমসাময়িক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এ গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পিআইবি জানায়, প্রাথমিকভাবে পাঁচটি গবেষণা প্রস্তাব নির্বাচনের পরিকল্পনা থাকলেও মানদণ্ড বিবেচনায় চারটির বেশি প্রস্তাব চূড়ান্ত করা সম্ভব হয়নি। শিগগিরই নির্বাচিত গবেষকদের বৃত্তির প্রথম কিস্তি দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক গবেষককে একজন করে তত্ত্বাবধায়কের সঙ্গে যুক্ত করা হবে।
জেবি