Dhaka Mail Logo

জাতীয়

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সরকারের

ঢাকা মেইল ডেস্ক

১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত ব্যক্তিত্ব অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদেশের মাটিতে হয়রানি করা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী এ ঘটনার পেছনে থাকতে পারে। 

Untitled

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে বিষয়টি উত্থাপন করে দুষ্কৃতকারীদের শনাক্ত করতে এবং যারা বিশ্বের সামনে বাংলাদেশ ও এর সকল নাগরিকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এরআগে গত সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর দিয়ে বের হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের কাছাকাছি গিয়ে কিছু ব্যক্তি উগ্রভাবে ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছেন এবং তাকে নানাভাবে কটূক্তি ও হেনস্তা করার চেষ্টা করছেন।

এ ঘটনায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, বিদেশের মাটিতে দেশের কোনো সম্মানিত ব্যক্তির ওপর এ ধরনের আক্রমণ কিংবা অপমানের চেষ্টা সরকার কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এমএইচআর