Dhaka Mail Logo

জাতীয়

এলডিসি উত্তরণের সময় বাড়াতে নেদারল্যান্ডসের সমর্থন চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা বাড়াতে নেদারল্যান্ডসের সমর্থন চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নিতেও দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ সমর্থন চান। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেলও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে সাম্প্রতিক বৈশ্বিক সংকটের প্রভাব তুলে ধরেন। এলডিসি তালিকা থেকে বাংলাদেশের মসৃণ ও টেকসই উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন তিনি।

এলডিসি উত্তরণের সময়সীমা বাড়াতে বাংলাদেশের আবেদনে নেদারল্যান্ডসের সমর্থন চান হুমায়ুন কবির। পাশাপাশি বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিতে দেশটির সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত অংশীদারত্ব বাড়িয়ে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেয়। জাহাজ নির্মাণ, সামুদ্রিক অবকাঠামো, বস্ত্র, সেমিকন্ডাক্টর, পানি ব্যবস্থাপনা এবং কৃষিপণ্যের সরবরাহব্যবস্থার কোল্ড-চেইন উন্নয়নকে সহযোগিতার অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।

নেদারল্যান্ডসের মন্ত্রী একটি সামুদ্রিক বাণিজ্য মিশনের সফর এবং বস্ত্র ও পানিসংক্রান্ত বিষয়ে সম্ভাব্য সফরের পরিকল্পনার কথা তুলে ধরেন। আগামী ৫০ বছরে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদার করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

হুমায়ুন কবির জাহাজ নির্মাণ ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতার সুযোগের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য নেদারল্যান্ডসের অব্যাহত সমর্থন কামনা করেন।

বৈঠকে দুই পক্ষ উল্লেখ করে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই দেশেই নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে।

পানি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সহযোগিতার বিষয়টিও বৈঠকে পর্যালোচনা করা হয়। এ ক্ষেত্রে বদ্বীপ ব্যবস্থাপনা, খাল খনন ও জলবায়ু অভিযোজনে প্রযুক্তিগত সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

হুমায়ুন কবির বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলাসহ বিভিন্ন কারণে পানি ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারের বিষয়।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সংকটের স্থায়ী সমাধানে টেকসই আন্তর্জাতিক সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দেয় দুই পক্ষ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুশাসনের বিষয়ে প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন।

এ ছাড়া অভিবাসন, জাতিসংঘ সংস্কার এবং ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

এআর