Dhaka Mail Logo

জাতীয়

নিত্যপণ্যের বাজারে দেশজুড়ে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম, অতিরিক্ত দাম আদায় ও মূল্য কারসাজি রোধে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
 
সোমবার (১২ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৪২ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১২০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
অধিদপ্তরের ৫৬টি দল একযোগে এ অভিযান পরিচালনা করে। ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
 
অভিযানকালে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের বিক্রয়মূল্য, ক্রয়-বিক্রয়ের ভাউচার, মূল্যতালিকা প্রদর্শন এবং ওজন ও পরিমাপের যথার্থতা যাচাই করা হয়। একই সঙ্গে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত দাম আদায় ও পণ্যের কৃত্রিম সংকট তৈরির মতো অনিয়মের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
 
ফলের বাজারে বাড়তি নজরদারি
 
ফলের বাজারে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি এবং ফলে ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহারের বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি ফলের মান বজায় রাখা এবং ন্যায্য ও যৌক্তিক মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
 
image
অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুত কিংবা স্বাভাবিক সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের যথাযথ ভাউচার সংরক্ষণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে হবে।
 
কেনাকাটায় ভোক্তাদের সতর্ক থাকার পরামর্শ
 
বাজারে কেনাকাটার সময় ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন বুঝে নেওয়া এবং মোড়কজাত পণ্যের সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। কেনাকাটার রশিদ সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
 
পণ্য কেনার সময় অতিরিক্ত মূল্য আদায়, ওজনে কারচুপি, ভেজাল কিংবা অন্য কোনো প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।
 
অধিদপ্তর জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে দেশজুড়ে এ ধরনের তদারকি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
 
এমআর/এআর