Dhaka Mail Logo

জাতীয়

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর তথ্য, ছবি ও ভিডিও প্রকাশ না করার পরামর্শ দিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলা এবং সৌদি আরবের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য বাংলাদেশি নাগরিকদের অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নিজেদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে এসব ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য মুঠোফোনে সংরক্ষণ কিংবা অন্যদের সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে দূতাবাসের কয়েকটি হটলাইন নম্বর উল্লেখ করা হয়েছে। সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস।

এদিকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের একের পর এক হামলার পর দেশটিতে ভ্রমণের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সৌদি আরব ভ্রমণের বিষয়ে নিজ নিজ নাগরিকদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে।

হুতিদের হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির দুটি বিমানবন্দরে সোমবার ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

এআর