Dhaka Mail Logo

জাতীয়

মৃত ভোটার কর্তনে নতুন প্রকল্প গ্রহণ ইসির

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম

ভোটার তালিকা থেকে সারাবছর মৃত ভোটার কর্তন করতে নতুন প্রকল্প গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিকভাবে কয়েকটি উপজেলা ও ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করা হবে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১২ অক্টোবর) ১৩ তমকমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানায়। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, মৃত ভোটারদের তথ্য আরও কার্যকরভাবে সংগ্রহ করে সময়মতো ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার বিষয়ে আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বর্তমানে পরিবারের সদস্য বা পরিচিত কাউকে নির্ধারিত ১২ নম্বর ফরম পূরণ করে মৃত ভোটারের নাম কর্তনের আবেদন করতে হয়। তবে সচেতনতার অভাবসহ বিভিন্ন কারণে অনেক মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থেকে যাচ্ছে।

তিনি আরও বলেন, এ সমস্যা সমাধানে অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে মৃত ভোটারদের নাম সময়মতো তালিকা থেকে বাদ দেওয়ার একটি প্রস্তাবনা কমিশনে উপস্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি উপজেলা ও ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করা হবে। প্রকল্পের কার্যকারিতা পর্যালোচনা করে পরবর্তী সময়ে সারা দেশে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মৃত ভোটার কর্তনে অন্যান্য উৎসগুলো সম্পর্কে জানতে চাইলে এনআইডি অনুবিভাগের এক কর্মকর্তা বলেন, মৃত ভোটার শনাক্তে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে চৌকিদাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, কারণ তারা নিয়মিত থানা ও উপজেলায় তথ্য দেন। তাদের মাধ্যমে তথ্য সংগ্রহের একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। 

এছাড়া ধর্মীয় গুরু—যেমন ইমাম ও পুরোহিত—মৃত্যুর তথ্য সম্পর্কে অবগত থাকেন। তাই তাদের তথ্য সংগ্রাহক হিসেবে যুক্ত করার চিন্তা করা হচ্ছে। সঠিক তথ্য প্রদানের ভিত্তিতে তাদের সম্মানী দেওয়ার পরিকল্পনাও রয়েছে। হাসপাতাল থেকেও মৃত্যুসনদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যেতে পারে। একইভাবে পরিবার পরিকল্পনা কর্মী, যারা বাড়ি বাড়ি যান, তাদের কাছ থেকেও তথ্য পাওয়া সম্ভব। বড় শহরের কবরস্থান পরিচালনাকারীদেরও এ কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এমএইচএইচ/এআরএম