জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম
সাভারে নিষেধাজ্ঞা অমান্য করে ইট উৎপাদন ও পরিবেশ দূষণের অভিযোগে তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পৃথক তিনটি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এসব ইটভাটায় উৎপাদিত ইটের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে সিআইডি।
সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।
মামলার আসামিরা হলেন- মো. জাকির হোসেন, মো. আবু বকর ও কাওছার আহমেদ।
সিআইডি জানায়, পরিবেশ অধিদফতর ২০২৫ সালের ১৭ আগস্ট সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে। ওই বছরের ১ সেপ্টেম্বর থেকে উপজেলার সব ইটভাটায় ইট পোড়ানোসহ ইট প্রস্তুতের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তবে নিষেধাজ্ঞা অমান্য করে সংশ্লিষ্ট ইটভাটাগুলোতে ইট উৎপাদন অব্যাহত রাখার অভিযোগ রয়েছে।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে এসব ইটভাটায় উৎপাদিত ইটের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে উঠে এসেছে। পরিবেশগত অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে প্রকৃত উৎস গোপন করার অভিযোগে মানিলন্ডারিং মামলাগুলো করা হয়েছে। তাদের মালিকানাধীন চারটি ইটভাটার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। সাভার থানায় মামলাগুলো করা হয়েছে।
সিআইডি আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালিত অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমআইকে/এএইচ