Dhaka Mail Logo

জাতীয়

উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ সড়কের একপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

uttora-2

শ্রমিকদের থেকে কথা বলে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুরে জড়ো হতে থাকে। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহার করা মানুষ।

বাসে থেকে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া রাশেদুল ইসলাম বলেন, ‘সকালে জরুরি কাজে বের হয়েছি। কিন্তু সড়কে শ্রমিকদের অবরোধের কারণে আটকে পড়ে যাই। অনেক সময় বাসে অপেক্ষার পর হেঁটেই যাচ্ছি।’

uttora-3

একটি কোম্পানির মার্কেটিং অফিসার সাজ্জাদ হোসেন বলেন, ‘সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে এমনিতেই সড়কে মানুষের চাপ থাকে। এর মধ্যে সড়ক অবরোধের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছি। শুধু আমি না এই সড়কে চলাচল করা সব যাত্রীর মূল্যবান সময় নষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’

দক্ষিণখানের অতিরিক্ত উপ-কমিশনার কে এইচ এম এরশাদ জানান, এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআর