জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম
রাজধানীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে তারই বাবা হৃদয় খানকে (২৪) গ্রেফতার করেছে এসআরবি-৪ ও এসআরবি-১০-এর যৌথ দল।
রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর দোলাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের বরাতে জানানো হয়, ২০২৫ সালের ২ জুলাই লাভনী আক্তারের (১৯) সঙ্গে হৃদয় খানের বিয়ে হয়। তাদের সংসারে গত ১১ জুন সাবিহা ইসলাম রোজা নামে একটি কন্যাসন্তানের জন্ম হয়। তারা রাজধানীর দারুস সালাম থানার গৈদারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
গত ২২ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে শিশুটির ওপর নির্যাতন চালান হৃদয়। পরিবারের অভিযোগ অনুযায়ী, তিনি শিশুটির গলা চেপে ধরেন ও মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যান।
পরদিন সকালে শিশুটির মা তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১৬ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন থাকার পর ৬ সেপ্টেম্বর শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা লাভলী আক্তার দারুস সালাম থানায় মামলা করেন। এরপর থেকে পলাতক ছিলেন হৃদয়।
এসআরবি জানায়, এ ঘটনায় আসামিকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
এমআইকে/এএইচ