Dhaka Mail Logo

জাতীয়

দুর্গাপূজায় যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া বরদাশত করা হবে না: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম

আসন্ন দুর্গাপূজার ছুটিতে ঘরমুখো যাত্রীদের হয়রানি ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। 

সভায় দুর্গাপূজা ও ছুটির সময়ে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

সভায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যাত্রীদের চাহিদা বিবেচনায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ বাস চালুর পাশাপাশি নৌপথে পর্যাপ্ত ফেরি প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। ভাড়া নৈরাজ্য ও অনিয়ম ঠেকাতে প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়।

সড়কপথে যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর টোল প্লাজাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের কথা বলা হয়। একইসঙ্গে ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ সড়কের সাময়িক সংস্কার করে যাতায়াত উপযোগী রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে ছুটির সময়ে যানজট ও যাত্রী ভোগান্তি কমানো যায়।

রেলপথে যাত্রীদের চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর প্রস্তুতি নিতে বলা হয়েছে। অন্য রুটগুলোতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজনের নির্দেশনাও দেওয়া হয়। পাশাপাশি ট্রেনের টিকিটের কালোবাজারি বন্ধে নজরদারি বাড়ানো এবং টিকিট বিক্রিতে অনিয়ম ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

দুর্গাপূজার বিসর্জনের দিন বিভিন্ন স্থানে মানুষের সমাগম বাড়তে পারে। এ পরিস্থিতিতে সড়ক, রেল ও নৌপথে নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। 

উৎসবের সময়ে যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় সংশ্লিষ্ট দফতর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএইচ/এএইচ