নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাত দিন তারা দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকে চিঠি দিয়েছে সংস্থাটি।
রোববার (১১ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন আগামী ২৯ অক্টোবরে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলায় অন্যূন ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। এরই ধারাবাহিকতায় ভোটগ্রহণের চার দিন পূর্ব থেকে ভোটগ্রহণের দুই দিন পর অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাতদিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা এবং নিয়োজিত বিভিন্ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সাথে বিশেষ করে বিজিবি এর সাথে দায়িত্বপালনের লক্ষ্যে ইতোমধ্যে নিয়োগকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ উক্ত নির্বাচনি এলাকায় মোট ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। একইসাথে, স্থানীয় চাহিদা, ভোটকেন্দ্রের অবস্থান ও ভোটকেন্দ্রের সংখ্যা, ওয়ার্ড বিন্যাস ইত্যাদি বিবেচনায় এবং বাস্তবতার নিরিখে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মোবাইল-স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা হলে তদানুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে উল্লিখিত জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালনের পাশাপাশি নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং নিয়োজিতব্য বিভিন্ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সাথে দায়িত্বপালনের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত চলবে প্রচারণা।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচজন প্রার্থী হলেন- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
এমএইচএইচ/এএস