Dhaka Mail Logo

জাতীয়

শাহজালালে যাত্রীর আচারের বয়ামে মিলল ২ কোটি ৭০ লাখ টাকার হীরা-স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে হীরাখচিত স্বর্ণ, প্লাটিনাম ও রুপার অলংকারসহ বিভিন্ন মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাস্টমস হাউস জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রতিরোধ দল ও বিমানবন্দরে দায়িত্ব পালনরত কর্মকর্তারা বিভিন্ন স্থানে নজরদারি শুরু করেন।

একপর্যায়ে এমডি জনি রহমান নামের ওই যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগ স্ক্যান করা হয়। এ সময় ব্যাগের ভেতরে আচারের বয়ামে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগেজ পরীক্ষা করে বিভিন্ন ধরনের অলংকার ও মূল্যবান পাথর পাওয়া যায়।

ঢাকা কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে হীরাখচিত ৩৮৯টি স্বর্ণের আংটি, যার ওজন ৪৭৮ গ্রাম। এ ছাড়া ৪৫০ গ্রাম ওজনের ১৫১টি হীরাখচিত প্লাটিনামের আংটি, ৬ গ্রাম ওজনের তিনটি সাদা স্বর্ণের অলংকার, ৮ গ্রাম ওজনের দুটি রুপার আংটি, ৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের লকেট এবং ৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন রয়েছে।

এ ছাড়া ১০৩ গ্রাম ওজনের ৪৭২টি হীরাখচিত স্বর্ণের নাকফুল, মোট ৪৫ ক্যারেটের বিভিন্ন আকারের হীরার পাথর, পোখরাজ, রুবি ও অন্যান্য পাথর মিলিয়ে ৭২০টি এবং অলংকারের ২৩টি সনদপত্রের কার্ড জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে জব্দ করা পণ্যের ওজন ১ হাজার ৫৪ গ্রাম। অলংকারের প্রত্যয়নপত্র অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

এ ঘটনায় ঢাকা কাস্টমস হাউসের প্রতিরোধ দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমআর/এআর