Dhaka Mail Logo

জাতীয়

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম

ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক শোকবার্তায় আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেছেন প্রধানমন্ত্রী এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে তিনি সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। বরাবরই তার লেখনি ছিল গণতন্ত্র, সত্য ও যুক্তির পক্ষে সোচ্চার।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এর আগে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমির খসরু।

এই সাংবাদিক দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন তিনি।

এএইচ