নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম
ভারতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি পালন করেছেন কয়েকজন তরুণ রাজনৈতিক অ্যাক্টিভিস্ট।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর শাহবাগে বিভিন্ন দাবি সংবলিত হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা।
জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার যেভাবে দমন-পীড়ন চালিয়েছিল, ভারতে বর্তমানে তেমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
তার দাবি, সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপক, ইউটিউবার ধ্রুব রাঠি, রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, নেহা বোরা ও ঐশী ঘোষসহ রাজনীতিবিদ, অনলাইন কনটেন্ট নির্মাতা ও সংগঠকদের গ্রেপ্তারের ঘটনা উদ্বেগজনক।
পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নাঈম আহমাদ বলেন, দেশটিতেও রাজনৈতিক সংকট ও দমন-পীড়নের অভিযোগ রয়েছে। তার অভিযোগ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাবন্দী রেখে তার ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতির প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করেছে। এই আন্দোলনের প্রতিও সংহতি জানান তিনি।
বক্তব্যে নাঈম আহমাদ বলেন, ‘শেখ হাসিনা যে পথে ক্ষমতা হারিয়েছেন, সেই পথেই নরেন্দ্র মোদি, শাহবাজ শরিফ ও আসিফ আলী জারদারিরাও ক্ষমতা হারাবেন।’
এ সময় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাঈম আহমাদ। তিনি বলেন, ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে জেন-জি আন্দোলনের সূত্রপাত হয়েছিল।
বাংলাদেশেও আজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে জেডিপির ইয়াসিন আরাফাত রাজ, জাতীয় ছাত্রমঞ্চের সালমান শরীফ, আসমাইন হাওলাদার ইফরাত প্রমুখ অংশ নেন। তারা বিভিন্ন দাবি সংবলিত হাতে লেখা প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সংহতি জানান।
প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ইমরান খান, অভিজিৎ দীপক, ধ্রুব রাঠিদের মুক্তি দাও’, ‘ভারতে সিজেপি ও পাকিস্তানে পিটিআইয়ের চলমান আন্দোলনে সংহতি’, ‘Solidarity with the ongoing movements of CJP in India and PTI in Pakistan from Bangladesh’ এবং ‘Free Imran Khan, Abhijit Deepak, and Dhruv Rathee!’।
এমআর/এসআই