জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬-এর প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা জিতেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হানিফ মিয়া।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিপিকেএস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে লটারির বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিকেএস জাতীয় লটারি প্রকল্পের পরিচালক হাজী মো. আলম কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন ডিজঅ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন এবং বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আব্দুস সাত্তার দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবির, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সাত্তার দুলাল বলেন, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বিপিকেএসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আয়োজকরা জানান, অর্থ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ উৎসে কর কেটে বাকি টাকা চেকের মাধ্যমে বিজয়ীদের দেওয়া হয়।
লটারির প্রথম পুরস্কারজয়ী হানিফ মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা। নিজের বর্তমান জীবনসংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, আমি একজন বেকার যুবক। কোনোমতে ছোট একটি খামার করে জীবিকা নির্বাহ করে আসছি।
হানিফ মিয়া আরও বলেন, পুরস্কারের টাকা দিয়ে একটি বড় খামার গড়ে তুলতে চান তিনি। এর মাধ্যমে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং মানুষের কল্যাণে কাজ করাই তার লক্ষ্য।
এমআইকে/এএইচ