নিজস্ব প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২৬, ১১:৩১ পিএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমেই মাদক মুক্ত সমাজ গঠন সম্ভব। সবার আগে বাংলাদেশ গড়তে এবং দেশের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। তিনি বলেন, খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই একটি সুন্দর, সুস্থ ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। খেলাধুলা একটি জাতিকে মানসিকভাবে শক্তিশালী ও শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, খেলাধুলা কেবল খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ থাকে না তার সঙ্গে দর্শক, আয়োজক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়। ফলে এ ধরনের খেলাধুলার আয়োজন একটি মিলন মেলায় পরিণত হয় যা সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এসএইচ/এমএইচআর