Dhaka Mail Logo

জাতীয়

নকল কফি ও সস বাজারজাত, বাড্ডায় তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ এএম

নকল কফি ও সসের প্যাকেট তৈরি করে বাজারজাত করার দায়ে রাজধানীর মধ্য বাড্ডায় তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। একই দিনে ঢাকা মহানগরসহ দেশের ২৮ জেলায় বাজার তদারকি করে বিভিন্ন অনিয়মের দায়ে ৮২টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অধিদফতরের ৪৩টি দল একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়।

অধিদপ্তর জানায়, মধ্য বাড্ডায় ‘Nascafe Coffee’, ‘American BBQ Sauce’ ও ‘Yellow Mustard Sauce’-এর নকল প্যাকেট তৈরি করে বাজারজাত করার অপরাধে দোহা কর্পোরেট, মাসুম এন্টারপ্রাইজ ও জুনায়েদ এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় প্রতিষ্ঠান তিনটিকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও ইন্দ্রানী রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআরবি-১ ও বাড্ডা থানা পুলিশ সহযোগিতা করে।
দেশব্যাপী অভিযানে গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতের মতো অনিয়ম খতিয়ে দেখেন অধিদফতরের কর্মকর্তারা।

অভিযানকালে ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে সঠিক ও হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা, মজুতদারি না করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে সতর্ক করা হয়। পণ্য কেনাবেচার রশিদ বা ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে তা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

6

ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে অভিযানের সময় লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এ কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদফতর জানিয়েছে, প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট তৈরি না করতে ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি সঠিক ওজন নিশ্চিত করতে বলা হয়েছে। কেনাকাটার সময় বিক্রেতার কাছ থেকে রশিদ বা ভাউচার সংগ্রহের পরামর্শও দেওয়া হয়েছে।

পণ্য কেনার ক্ষেত্রে অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।

বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ন্যায্যমূল্য নিশ্চিত ও ভোক্তা-অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদফতর।

এমআর/এএস