Dhaka Mail Logo

জাতীয়

ফের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংলাপে বসার ঘোষণা ইসির

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে বসার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে আগামী সপ্তাহে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ঘোষণার পরপরই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ আয়োজনের কথা ভাবছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, আগামী সোমবার (১২ অক্টোবর) কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমরা দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেব। ইউনিয়ন পরিষদ নির্বাচন কয় স্লটে, কবে কবে হবে, সব জানিয়ে দেব।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপটা কখন হবে জানতে চাইলে তিনি বলেন, তার পরপরই হবে।

এই মাসে হবে কি না জানতে চাইলে তিনি বলেন, সব কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে। সোমবার যেহেতু একটা কমিশন মিটিং আছে, সেখানে আলোচনা করার পর বলতে পারব।

এর আগে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গত ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর সংলাপ আয়োজনের পরিকল্পনা করেছিল ইসি। তবে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন পিছিয়ে যাওয়ায় ওই সময়ের সংলাপ স্থগিত করে সংস্থাটি।

এমএইচএইচ/এআর