Dhaka Mail Logo

জাতীয়

বিমানযাত্রীর পায়ুপথে মিলল পৌনে ২ কোটি টাকার ‘স্বর্ণের ডিম’

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে ৩টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণগুলোর মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম। একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামে এক যাত্রী ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসেন। সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে তল্লাশি করেন।

একপর্যায়ে ওই যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো ৩টি ডিম্বাকৃতির পেস্ট আকৃতির স্বর্ণ পাওয়া যায়। প্রতিটির ওজন ৪৩০ গ্রাম করে মোট ওজন দাঁড়ায় ১ কেজি ২৯০ গ্রাম। কাস্টমসের দাবি, উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

কাস্টমস সূত্র আরও জানায়, স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার করা স্বর্ণগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা করার কার্যক্রম চলছে।

এমআর