নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম
পোস্টাল ব্যালট, ভোটার শিক্ষা ও নির্বাচন ব্যবস্থার সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চায় নির্বাচন কমিশন (ইসি)। এসব বিষয়ে ইইউর সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়ন ও নেপালের নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, তাদের সঙ্গে বহুমাত্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল পোস্টাল ব্যালট নিয়ে আমরা যে কার্যক্রম করছি, সেটি নিয়েও আলোচনা হয়েছে। মূলত তাদের আগ্রহের বিষয় ছিল, ইউরোপীয় পর্যবেক্ষণ মিশনের সদস্যরা যে সুপারিশগুলো দিয়েছেন, সেগুলো নিয়ে। বিভিন্ন অংশীজনের জন্য তারা আলাদা আলাদা কিছু সুপারিশ দিয়েছিলেন। সেগুলো নিয়ে তারা আর কোনোভাবে সহায়তা করতে পারেন কি না, সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও সাদরে তা গ্রহণ করেছি। তারা যদি বর্ধিত সহযোগিতায় আমাদের সঙ্গে থাকতে চান, আমরা তা স্বাগত জানাব। মূলত এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।
সেক্ষেত্রে আপনারা কী ধরনের সহযোগিতা চান—এই প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমাদের সহযোগিতার ক্ষেত্রগুলো ইতোমধ্যে চিহ্নিত। যেমন, আমাদের সক্ষমতা উন্নয়ন নিয়ে আমরা কিছু কাজ করি। আমাদের মানবসম্পদ উন্নয়ন, ডিজিটাল সক্ষমতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয় রয়েছে। এসব নিয়ে কাজ হচ্ছেই। পাশাপাশি এর বাইরে যে বিষয়গুলো আছে, যেগুলো আমরা যৌথভাবে কাজ করতে পারি, ভোটার শিক্ষা যেমন একটি, আমাদের প্রচার ও বিভিন্ন ধরনের জনসম্পৃক্ত কার্যক্রমও রয়েছে। আমরা আশাবাদী, আমাদের অংশীদার সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতা আরও বাড়বে।
এমএইচএইচ/এআর