০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম
রাজধানীর উত্তর শাহজাহানপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভগ্নিপতির বিরুদ্ধে। এ ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে শাহজাহানপুর আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ফরহাদের মরদেহ উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ।
নিহত ফখরুল হাসান ফরহাদ শাহজাহানপুর আমতলা এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত নূর মোহাম্মদ। পরিবারের সদস্যদের ভাষ্য, কয়েকবার স্ট্রোক করার পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কর্মক্ষমতা হারিয়ে গত কয়েক বছর ধরে বেশিরভাগ সময় বাসাতেই থাকতেন। প্রায় ১০ বছর আগে বিয়ে করলেও তার কোনো সন্তান ছিল না।
নিহতের বোন নার্গিসের অভিযোগ, তারা দুই বোন ও এক ভাই। শাহজাহানপুরের চারতলা বাড়িটির জমি দুই বোনের নামে নিবন্ধিত। দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি, গ্যাস ও পানি বিলসহ বিভিন্ন বিষয় নিয়ে তার বোন আফসানা ও তার স্বামী সুজনের সঙ্গে বিরোধ চলছিল। তাদের অভিযোগ, পুরো বাড়িটি দখলে নেওয়ার চেষ্টা করছিলেন তারা।
নার্গিস জানান, চারতলার ছাদের অংশ তার নামে থাকায় সেখানে ভাই ফরহাদকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ছাদের একটি টিনশেড কক্ষে স্ত্রীকে নিয়ে থাকতেন ফরহাদ। তার স্ত্রী একটি বিউটি পার্লারে কাজ করেন।
পরিবারের অভিযোগ, বুধবার রাতে সুজন হাতে দেশীয় চাপাতি নিয়ে ফরহাদের ঘরে ঢোকেন। সেখানে তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই মেহেদী হাসান আরও জানান, প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএমআর/এআরএম