নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম
ভোজ্য তেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পিঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের এই দাবি তোলা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক এবং আব্দুল মুনতাকিম অংশগ্রহণ করেন।
বৈঠকে টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্ড প্রদানের ক্ষেত্রে সমন্বিত প্রক্রিয়া অবলম্বনের পরামর্শ দেওয়া হয় এবং প্রকৃত প্রাপককে কার্ড প্রদানে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।
এছাড়া আমদানি-রফতানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে। বাংলাদেশকে বর্তমানে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ও চুক্তি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।
সর্বোপরি দেশের সকল পর্যায়ে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।
কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের জনবল, দফতর সংস্থাগুলোর কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন এবং আমদানি-রফতানি ও সরকারের পরিচালনা ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠকে গত তিন বছরের নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য এবং স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধানের ওপর বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ প্রতিবেদন পেশ করা হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত, মামলার রায় ও আদেশের ফলে বাজারে প্রতিযোগিতা বিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মতো কার্যক্রম নিরুৎসাহিত করার চেষ্টা অব্যাহত আছে মর্মে অবহিত করা হয়।
বৈঠকে কমিটি কর্তৃক বিদেশে বাণিজ্য মিশনে কর্মরত কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা-জ্ঞানসম্পন্ন এবং অভিজ্ঞতা বিবেচনার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে বাণিজ্য সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের প্রধানরাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ