জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১০০ গ্রাম হেরোইনসহ মাসুমা খাতুন নামে ৬৫ বছরের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১০ লাখ টাকা।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, যশোর থেকে ঢাকাগামী 'নড়াইল এক্সপ্রেস' বাসে করে এক নারী হেরোইন নিয়ে ঢাকায় আসছেন। পরে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।
সন্ধ্যা ৭টার দিকে বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে মাঝের আসনে বসা মাসুমা খাতুনকে আটক করা হয়। এরপর টিমের নারী সদস্যদের সহায়তায় তার পরিহিত পোশাকের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। পলিব্যাগটিতে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা জানান, তার মেয়ে তাহমিনা তাকে মাদক পরিবহনের জন্য চাপ দেন এবং তার নির্দেশেই যশোর থেকে হেরোইনের চালানটি ঢাকায় নিয়ে আসছিলেন। এর আগেও তিনি একইভাবে আরও দুইবার হেরোইন বহন করেছেন বলে দাবি করেছেন।
তাহমিনা যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তার অবস্থান শনাক্ত ও তাকে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ডিএনসি।
এ ঘটনায় মাসুমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলার তদন্তের পাশাপাশি জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মাদকের উৎস, সরবরাহকারী ও সংশ্লিষ্টদের শনাক্তে কাজ করছে ডিএনসি।
এমআইকে/এআরএম