নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম
আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটদান পদ্ধতিতে নিয়ে নেপাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
জানা গেছে, নেপালের দুজন নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বে ৬ সদস্যের একটি টিম এ বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া ইউএনডিপি’র প্রতিনিধি প্রভাত কুমারসহ আরও অন্যপ্রতিনিধিরা এতে উপস্থিত আছেন। নেপালের নির্বাচন কমিশনার ড. জনকী কুমারী তালুকদার ও ড. রাজীব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণা প্রসাদ কাপরি, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নী কমলা কাফলে ও ইউএনডিপি’র প্রতিনিধি প্রভাত কুমার বৈঠকে অংশ নেবেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের সংখ্যা ছিল ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি পোস্টাল ভোট। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা প্রবাসীদের ৪ লাখ ৯৮ হাজার ২০৫ ব্যালট গ্রহণ করেছেন। অপরদিকে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ৬ লাখ ৬৭ হাজার ৩৮৮ জন ভোটারের ভোট গ্রহণ করেছেন। এর মধ্যে গ্রহণ করা বৈধ ভোট সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি।
এমএইচএইচ/এএস