Dhaka Mail Logo

জাতীয়

প্রবাসী ভোটিং সম্পর্কে অভিজ্ঞতা নিতে ইসির সঙ্গে বৈঠক করবে নেপালের ইসি

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আইটি সাপোর্টেড পোস্টাল ভোটদান পদ্ধতিতে প্রবাসী, সরকারি কর্মকর্তা ও ভোটের কাজে নিয়োজিত ব্যক্তিদের ভোটগ্রহণ করেছে। এ পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা নিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে নেপালের ইলেকশন কমিশন বৈঠকে বসছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রবাসী ভোটিং সিস্টেম সম্পর্কে জানতে আগামীকাল বেলা ১১টায় কমিশনের সঙ্গে নেপালের ইলেকশন কমিশনের দুই কমিশনারসহ ছয়জন প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, নেপালের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে আগামীকাল বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠক করবে। নেপালের নির্বাচন কমিশনার ড. জনকী কুমারী তালুকদার ও ড. রাজীব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণা প্রসাদ কাপরি, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে ও ইউএনডিপির প্রতিনিধি প্রভাত কুমার বৈঠকে অংশ নেবেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের সংখ্যা ছিল ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি পোস্টাল ভোট। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা প্রবাসীদের ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি ব্যালট গ্রহণ করেছেন। অপরদিকে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ৬ লাখ ৬৭ হাজার ৩৮৮ জন ভোটারের ভোট গ্রহণ করেছেন। এর মধ্যে গ্রহণ করা বৈধ ভোটের সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি।

এমএইচএইচ/এআর