নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম
সাংবাদিকতায় অনুসন্ধানী ও মানসম্মত প্রতিবেদনকে উৎসাহিত করতে ২৬ ক্যাটাগরিতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এ আয়োজনে বিভিন্ন বিষয়ে প্রকাশিত ও প্রচারিত সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়া যাবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এ ঘোষণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও, এই দুই মাধ্যমে মোট ২৬টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। জমা পড়া প্রতিবেদন থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা রিপোর্ট নির্বাচন করবেন দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক।
ডিআরইউ সদস্যদের ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন এ পুরস্কারের জন্য জমা দিতে হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।
স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, অপরাধ, রাজধানী-প্রশাসন, ক্রীড়া, কৃষি ও পরিবেশে, নারী ও শিশু, মানবাধিকার, নগর, বৈদেশিক সম্পর্ক, সামগ্রিক অর্থনীতি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগসহ ২৬টি পুরস্কার দেওয়া হবে।
এক্ষেত্রে প্রিন্ট ও অনলাইনে ১৫টি, টেলিভিশন ও রেডিও’তে ১১টি পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য সাংবাদিকদের সম্মানিত করার এ আয়োজন দেশের সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক প্রক্রিয়া। সংগঠনের জন্মের পর থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ দায়িত্ব পালন করে আসছে এবং এর ইতিবাচক প্রভাব সাংবাদিকতার ওপর পড়েছে।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এবারের আয়োজনেও ডিআরইউর অংশীদার হয়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। দেশের ডিজিটাল লেনদেন খাতে অল্প সময়েই বড় জায়গা করে নিয়েছে দেশীয় এ সেবা।
তিনি বলেন, ‘এ বছরসহ মোট তিনটি অ্যাওয়ার্ড আয়োজনে ডিআরইউর সঙ্গে কাজ করেছে নগদ। দেশের সাংবাদিকতাকে আরও বেশি উৎসাহ দিতে দেশীয় সেবা নগদের নিরলস এ প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ ও স্বাগত জানাই।’
নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া বলেন, ‘দেশের সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আমরা দেশীয় মোবাইল আর্থিক সেবা হিসেবে এরকম একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে আনন্দিত।’
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা ও নিয়ম-নীতির বিষয়ে রাষ্ট্রের একটি চোখ হিসেবে কাজ করার ভূমিকা পালন করেন সাংবাদিকেরা। আরও ভালো ও সমৃদ্ধ সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য বরাবরের মতো আমরা এবারও এই পুরস্কারের সঙ্গী হচ্ছি।’
সংবাদ সম্মেলনে নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূইয়া, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, নগদ-ডিআরইউ অ্যাওয়ার্ডের সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, অর্থ-সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, কল্যাণ সম্পাদক রফিক মৃধাসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদস্য এবং নগদের প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জাহিদুল ইসলাম সজল, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট লিংকন মো. লুৎফরজামান সরকারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নগদ প্রথমবারের মতো ২০২১ সালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়। এরপর ২০২৫ সালে এবং এবার ২০২৬ সালে তৃতীয়বারের মতো এ আয়োজনের সঙ্গে যুক্ত হলো প্রতিষ্ঠানটি। সাংবাদিকদের সম্মাননা দেওয়ার মাধ্যমে দেশের সুসাংবাদিকতার প্রসারে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে নগদ।
এমআর/এসআই