Dhaka Mail Logo

জাতীয়

শিশুদের সঠিক বিকাশেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএম

শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি আরও মজবুত হবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশ শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, প্রতিটি শিশুর সঠিকভাবে বেড়ে ওঠা ও বিকশিত হওয়ার সুযোগ নিশ্চিত করা বাংলাদেশের শক্তিশালী ভিত্তি গড়ে তোলা এবং বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দেশকে আরও শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আজকের শিশুরা তাদের পরিবারের স্তম্ভ। তারা যদি সঠিকভাবে বেড়ে উঠতে পারে, তাহলে তাদের পরিবারের ভিত্তি আরও শক্তিশালী হবে। একইভাবে, আমরা যদি বাংলাদেশের প্রতিটি শিশুকে সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ দিতে পারি, তাহলে আমাদের দেশের ভিত্তিও অনেক বেশি শক্তিশালী হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশুদের ভবিষ্যৎ শক্তিশালী করা মানে জাতির ভবিষ্যৎ শক্তিশালী করা। আর জাতির শক্তিশালী ভবিষ্যৎ মানে আমরা একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।’

শিশুদের ছোট্ট বন্ধু সম্বোধন করে তারেক রহমান বলেন, শিশুদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। খেলাধুলা, চারুকলা, সংস্কৃতি ও সংগীতের মতো বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, সন্তানদের শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নিজস্ব গুণ ও প্রতিভা চিহ্নিত করে তা বিকাশে সহযোগিতা করতে হবে।

নিজের শৈশবের গিটার ও কিবোর্ড বাজানোর আগ্রহের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, ‘আমি যা করতে পারিনি, তোমরা তা সম্পন্ন করো।’

তারেক রহমান বলেন, অনেক শিশুর ছবি আঁকা, আবৃত্তি, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল বিষয়ে প্রতিভা রয়েছে। এসব প্রতিভাকে পূর্ণাঙ্গভাবে বিকশিত করার জন্য তিনি শিশুদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকার চায় খেলাধুলা ও সংগীতের পাশাপাশি শিশুরা শিল্প ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত হোক, যাতে তারা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিকশিত হতে পারে।

তারেক রহমান বলেন, শিশুদের খেলাধুলার প্রতিভা চিহ্নিত ও বিকশিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দেশব্যাপী প্রাথমিক পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ২২ লাখ ছেলে-মেয়ে অংশ নিয়েছে।

এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা গেলে দেশের শিশুদের মধ্য থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলারসহ অন্যান্য ক্রীড়া প্রতিভা উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

pm tarekশিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চালু করা ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সেই কর্মসূচি পুনরুজ্জীবিত করা হয়েছে। পাশাপাশি খেলাধুলাভিত্তিক ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিও চালু করা হয়েছে।

তারেক রহমান বলেন, ‘আমরা আমাদের শিশুদের এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে একটি শিশু শিল্প ও সংস্কৃতির সঙ্গে ভালোভাবে পরিচিত হতে পারে, এসব বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে এবং একইভাবে সংগীত ও খেলাধুলাতেও দক্ষতা অর্জন করতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার অনেক পরিবার তাদের সন্তানদের সহশিক্ষা কার্যক্রমের সুযোগ করে দেওয়ার সামর্থ্য রাখে না। তাই বিদ্যালয় পর্যায় থেকেই আমরা শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও সংগীতের সুযোগ-সুবিধা তৈরির চেষ্টা করছি, যাতে প্রতিটি শিশু তার পছন্দ অনুযায়ী একটি বিষয় বেছে নিতে পারে।

তারেক রহমান আরও বলেন, সরকার ২০২৭ বা ২০২৮ সাল থেকে পুরো কার্যক্রম শুরু করার আশা করছে। এর আওতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সংগীত শেখা, বাদ্যযন্ত্র বাজানো এবং নিজেদের আগ্রহ অনুযায়ী খেলাধুলার বিভিন্ন বিষয়ে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া বাংলা ও ইংরেজির পাশাপাশি শিশুদের তৃতীয় একটি ভাষা শেখার সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে আরবি, মান্দারিন, জার্মান ও জাপানিজ ভাষার মতো বিভিন্ন ভাষা শেখার সুযোগ রাখা হবে।

তিনি বলেন, অতিরিক্ত একটি বিদেশি ভাষা শেখার জ্ঞান শিশুদের ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। একই সঙ্গে বৈশ্বিক পরিবেশে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা ও টিকে থাকতে তাদের সক্ষম করে তুলবে।

তবে প্রধানমন্ত্রী বলেন, শুধু শিক্ষাগত, ক্রীড়া, শিল্প বা ভাষাগত দক্ষতা অর্জন করলেই হবে না। শিশুদের মানবিকও হতে হবে। এজন্য শিশুদের মানুষের পাশাপাশি প্রকৃতি, পশুপাখির প্রতিও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছলে ১৫০ জন শিশু তারেক রহমানকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজকের আয়োজনে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচি রয়েছে। এছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

এমআর