Dhaka Mail Logo

জাতীয়

শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয় শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে কেনাকাটার ব্যস্ত সময়ে ব্যবসায়ী ও ক্রেতারা বাড়তি সময় পাবেন।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালকসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও বিষয়টি জানানো হয়েছে।

এমআর/এআর