০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ মো. জাকারিয়া মোল্লা (৬৩) নামে এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দি ছিলেন।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত ওই কারাবন্দি গত ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে আজ ভোর পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন কারারক্ষী আমিরুল ইসলাম।
তিনি জানান, নিহত জাকারিয়া মোল্লা বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দী ছিলেন। তার কয়েদি নং ১৭৯৮/এ । তার বাসা ঢাকার পিলখানা বিডিআর এলাকায়। বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
এমএমআর/এএইচ