জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম
রাজধানীর মিরপুরে রূপনগর থানার দুয়ারীপাড়া এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) সরকারি প্লট ঘিরে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গভীর রাতে ইট-বালু ও টিন দিয়ে স্থাপনা নির্মাণ, প্লটে সাইনবোর্ড বসানো, ইটের দেয়াল তুলে গেট নির্মাণ এবং ২০ ফুট রাস্তা অ্যাঙ্গেল দিয়ে ওয়েল্ডিং করে বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন প্লট মালিকরা। এ ঘটনায় একাধিকবার থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তারা। উল্টো পুলিশের একটি অংশ দখলদারদের পক্ষে কাজ করছেন বলেও অভিযোগ রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকা প্লট, বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এ কে এম শামসুজ্জামান।
লিখিত বক্তব্যে এ কে এম শামসুজ্জামান বলেন, সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় প্রায় অর্ধশত সরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্লট দখল করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। দখল করা প্লটগুলোকে কেন্দ্র করে একটি চক্র চাঁদাবাজি করছে। প্লটে ভবন নির্মাণ করতে গেলে মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়াসহ হামলা ও হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রকল্পের খ-ব্লকের পূর্ব দিকে ৪০ ফুট প্রশস্ত রাস্তা এবং প্রায় ৯০ কাঠা জাগৃকের জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে। সেখানে রিকশার গ্যারেজ, বস্তি ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। এসব স্থানের কয়েকটিতে মাদক ব্যবসাও চলছে।
শামসুজ্জামান অভিযোগ করেন, দখলদার ও চাঁদাবাজদের অনেকে আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তারা বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ১৮ জুলাই একটি নির্মাণাধীন প্রকল্পে শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়ার সময় কয়েকজন চাঁদাবাজের সঙ্গে রূপনগর থানার এসআই আসাদুলসহ দুই পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ড্যাফোডিল হোমস লিমিটেডের নির্মাণাধীন প্রকল্পে গিয়ে হুমকি দেওয়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মান্নান থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি। পরে তিনি আদালতে মামলা করেন।
এ ছাড়া একটি আনসার ক্যাম্পও দখল করা হয়েছে বলে অভিযোগ করেন সমিতির সভাপতি।
সংবাদ সম্মেলনে সালাউদ্দিন শিপু মোল্লা, আমজাদ হোসেন মোল্লা, জাকির হোসেন শান্ত, শিহাব উদ্দিন, জামাল উদ্দিন ওরফে লম্বা জামাল, আব্দুল হক, নজরুল ইসলামসহ আরও ২০ থেকে ২৫ জন এই দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে দাবি করা হয়।
অভিযোগের বিষয়ে রূপনগর থানার ওসি নোমান হোসেনকে কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এমআইকে/এফএ