Dhaka Mail Logo

জাতীয়

ফুটপাতে পুনরায় দোকান বসালে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

নগরীর সব এলাকায় হকার বসার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, আইন অমান্য করে পুনরায় কোনো দোকানপাট গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ, দখলমুক্ত অভিযান পরিচালনা ও পরবর্তীতে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত স্থানে হকার বসলে আপত্তি নেই। তবে শুক্র ও শনিবার এবং অনুমোদিত কিছু ফুটপাত ছাড়া অন্য কোনো স্থানে হকার বসতে দেওয়া হবে না।

ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে মো. আবদুস সালাম বলেন, ‘উচ্ছেদ হবার পর আবার সড়ক দখলের পাঁয়তারা করলে মালামাল ক্রোক, জব্দ করা হবে, পাশাপাশি মামলা হবে সিটি করপোরেশন পক্ষ থেকেও।’

সবশেষে তিনি বলেন, সুন্দর ও আধুনিক নগর গড়ে তুলতে যা যা করা দরকার তা করবে সিটি করপোরেশন। আর এ লক্ষ্য বাস্তবায়নে নানাবিধ পরিকল্পনাও রয়েছে।