Dhaka Mail Logo

জাতীয়

বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হলেন বিশ্বদীপ দাশ

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম

প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিশ্বদীপ দাশ।

রোববার (৪ অক্টোবর) সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এই দায়িত্ব দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে বার্তাকক্ষের কর্মকাণ্ড এগিয়ে নেবেন বিশ্বদীপ দাশ।

২০০৫ সালে যাত্রা শুরু করে ‘বিডিনিউজ’। তবে ২০০৬ সালে গণমাধ্যমটির সংস্থাটির মালিকানা ও ব্যবস্থাপনা বদল হয়। এরপর থেকে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গণমাধ্যমটি পরিচালনা করে আসছিল।

ওই সময় থেকেই বিডিনিউজের একজন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বদীপ দাশ। পরে তিনি জ্যেষ্ঠ সম্পাদক হন।

বিশ্বদীপ দাশ ইংরেজি সাহিত্য, সাংবাদিকতা ও আইন শাস্ত্রে পড়ালেখা করেন। তিনি সাংবাদিকতা শুরু করেন ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে।

পরে তিনি ডেইলি স্টার ও ইনডিপেনডেন্ট টেলিভিশনেও সাংবাদিকতা করেন।

এএম