জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখল, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহজাহান খানের মেয়ে আয়শা আক্তার শিথিল। তাঁর অভিযোগ, বাবার মৃত্যুর পর বড় ভাই মো. শিপলু খান পৈতৃক সম্পত্তির অধিকাংশ এককভাবে ভোগদখল করছেন।
রোববার (৪ অক্টোবর) ঢাকার রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আয়শা আক্তার শিথিল।
লিখিত বক্তব্যে আয়শা বলেন, তাঁদের বাবা শাহজাহান খান ২০২২ সালের ৪ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পটুয়াখালীর বদরপুর এলাকায় হামলায় আহত হন। পরে ২৮ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।
আয়শার দাবি, বাবার মৃত্যুর পর তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী তিন ভাই-বোন। তবে বড় ভাই শিপলু খান ক্ষমতা ও প্রভাব খাটিয়ে সম্পত্তিগুলো এককভাবে ভোগদখল করছেন। নিজেদের ন্যায্য হিস্যা চাইতে গেলে তাঁদের ভয়ভীতি দেখানো ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আয়শা বলেন, এ ঘটনায় তাঁর মা ২০২৪ সালের ৭ মে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ করেন। একই দিনে তিনি নিজেও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সম্পত্তিতে ন্যায্য অধিকার চেয়ে পটুয়াখালী পৌরসভায় আবেদন করা হয়।
আয়শা বলেন, পটুয়াখালীর আদালতপাড়া এলাকায় তাঁদের বাবার প্রায় ১০ কাঠা জমির ওপর একটি বাড়ি, সদর রোডে ছয়তলা একটি হোটেল এবং সবুজবাগ এলাকায় একটি বহুতল ভবন রয়েছে। ওই ভবনে ১৯টি ফ্ল্যাট রয়েছে বলে দাবি করেন তিনি। এসব সম্পত্তি থেকে আয় হলেও তাঁরা কোনো অংশ পাচ্ছেন না বলে অভিযোগ তাঁর।
আয়শা বলেন, তাঁর বাবার সবুজবাগে ১৭টি ফ্ল্যাট ও আদালতপাড়ায় বাড়ি থাকা সত্ত্বেও তিনি পটুয়াখালীতে ৪ হাজার টাকা ভাড়ার বাসায় থাকেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তাঁকে জীবনযাপন করতে হচ্ছে বলেও জানান তিনি।
তাঁর ছোট ভাই শাখিল খান বর্তমানে থাকার জায়গা না পেয়ে ঢাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন বলেও জানান আয়শা।
সংবাদ সম্মেলনে আয়শা আরও বলেন, তাঁদের বাবার ব্যবসায়িক ঋণের একটি অংশ এখনো পরিশোধ হয়নি। এ কারণে পূবালী ব্যাংক পিএলসি, পটুয়াখালী শাখা ২০২৬ সালের ১২ জানুয়ারি একটি নিলাম বিজ্ঞপ্তি দেয়। পরে তিনি ব্যাংকে আবেদন করে নিলাম প্রক্রিয়া স্থগিত করেন বলে দাবি করেন। তাঁর অভিযোগ, সম্পত্তি নিলামে তুলে তা নিজেদের নামে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
শিপলু খানের বিরুদ্ধে মাদক ব্যবসা, দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব ব্যবহারেরও অভিযোগ করেন আয়শা। তিনি বলেন, তাঁরা শহীদ শাহজাহান খানের তিন সন্তান। অথচ বড় ভাই বাবার রাজনৈতিক ও সামাজিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সুবিধা ভোগ করছেন। তাঁরা তাঁদের ন্যায্য পৈতৃক সম্পত্তি চান।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান আয়শা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়শা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর ভাইয়ের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের সখ্য ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁদের সব সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। এখন বিভিন্নভাবে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, চার বছর ধরে তাঁকে বাসায় ঢুকতে দেওয়া হচ্ছে না। সব সম্পত্তি তাঁর ভাই একাই ভোগদখল করছেন। তাঁরা এর সুষ্ঠু বিচার চান।
বিইউ/এআর