Dhaka Mail Logo

জাতীয়

জুলাইয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধারে গতি বেড়েছে: এসআরবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম

জুলাইয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধারে গতি বেড়েছে বলে দাবি করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) লিগ্যাল মিডিয়া বিভাগের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। 

রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ইন্তেখাব চৌধুরী বলেন, ‘আপনারা সারা দেশব্যাপী দেখেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানে যত গুলো থানা থেকে অস্ত্রগুলো হারানো গিয়েছিল বা লুট হয়েছিল সেই অস্ত্রগুলোকে আবার রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার জন্য এসআরবি একটি বলিষ্ঠ ভূমিকা পালন করছে।’

তিনি বলেন, ‘যতগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কাজ করছে তার ভেতরে এসআরবি মুখ্য ভূমিকা পালন করছে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে, অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে গত জুলাইয়ের চেয়ে গেল এই আগস্ট মাসের পর থেকে অস্ত্র উদ্ধারের গতিশীলতা আরও ত্বরান্বিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অস্ত্র কিন্তু অস্ত্রই। এই অস্ত্র গণভবন থেকে চুরি হয়েছে কিনা, থানা থেকে চুরি হয়েছে কিনা অথবা জেলখানা থেকে চুরি হয়েছে কিনা সেটা বিষয় নয়। এই অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। অনেকে এখনো সেগুলোকে গোপন রেখেছে, লুকিয়ে রেখেছে।’

অনেক জায়গায় লুটের অস্ত্র সন্ত্রাসী কাজে ব্যবহার করার তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানান এসআরবি পরিচালক।

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিচ্ছি। অস্ত্রগুলো কোথা থেকে হারানো গিয়েছে। এটা আসলে ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে অস্ত্রগুলো যেগুলো হারানো গিয়েছে সেগুলোকে জরুরি ভিত্তিতে আবার সরকারি হেফাজতে ফেরত আনতে হবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ’

এমআইকে/এএম