Dhaka Mail Logo

জাতীয়

‎বাগেরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

‎জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র বানিয়ে চট্টগ্রাম আগ্রাবাদের বাণিজ্যিক এলাকায় সরকারি জমি মালিকানা দেখিয়ে ভোগ দখল ও ভাড়া পরিশোধ না করে প্রায় ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‎
‎রোববার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম এ তথ্য জানান।
‎
‎অন্য আসামিরা হলেন- মেসার্স কনকর্ড ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী মো. ফরিদ আহমেদ, আগ্রাবাদ কনভেশনের স্বত্ত্বাধিকারী মো. ফাহিম আহমেদ, ফাতেমা বেগম, হাসিনা মমতাজ, মো. ফয়েজ আহমেদ, রোকেয়া সুলতানা ও শাহীন সুলতানা।
‎
‎তিনি জানান, চট্রগ্রাম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২৪.৯৬ শতক সরকারি জমি জাল জালিয়তির মাধ্যমে ভুয়া কাগজপত্র বানিয়ে তা ভোগদখল ও ভাড়া পরিশোধ না করে ২৩ কোটি ৬৮লক্ষ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাৎ ও ভোগ দখলে রাখার অপরাধে মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুদক।
‎
‎অভিযোগ, আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী, ও বর্তমান বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুকসহ আটজন একে-অপরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহারপূর্বক নিজে লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র বানিয়ে তা খাঁটি হিসেবে ব্যবহার করে। 
‎
‎এ ঘটনায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে চট্টগ্রাম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ২৪.৯৬ শতক সরকারি জমি ও ভাড়া পরিশোধ না করে ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাৎ ও ভোগ দখলে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন।

একেএস/এএইচ