নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম
সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড পুরোপুরি বাস্তবায়নে সরকার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত গণমাধ্যম মালিকদের আন্তরিকতার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, ‘সরকার কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়ার পর মালিকপক্ষ তা বাস্তবায়ন না করলে সাংবাদিকরা এর সুফল পাবেন না।’
তবে তিনি এও বলেন, ‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজনে বিষয়টি মন্ত্রিসভায়ও তোলা হবে।’
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি দীর্ঘদিন ধরে এক ধরনের অচলাবস্থার মধ্যে রয়েছে। নবম ওয়েজ বোর্ড এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। দশম ওয়েজ বোর্ডের আগে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।’
এই দাবি বাস্তবায়নে সরকারের উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ওয়েজ বোর্ড নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় চাপ প্রয়োগ করা হচ্ছে। প্রয়োজন হলে বিষয়টি মন্ত্রিসভায়ও তোলা হবে।’
তবে সরকারের উদ্যোগের পাশাপাশি গণমাধ্যম মালিকদেরও আন্তরিক হতে হবে বলে মনে করেন ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, ‘সরকার কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়ার পরও মালিকপক্ষ সেটি বাস্তবায়ন না করলে সাংবাদিকরা তার সুফল পাবেন না।’
সাংবাদিকদের পেশাগত অধিকার ও সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘সাংবাদিকদের ভালো-মন্দ না দেখলে তারা জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার আগ্রহ হারিয়ে ফেলবেন। ভালো সাংবাদিকরা লেখালেখি বন্ধ করে দিতে পারেন এবং নতুন ভালো সাংবাদিক তৈরি হওয়ার পথও বাধাগ্রস্ত হবে।’
তিনি বলেন, ‘সাংবাদিকরা যেন নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত অধিকার নিশ্চিত করাও জরুরি।’
মতবিনিময় শেষে সাংবাদিক নেতাদের তাদের দাবি ও প্রস্তাবগুলো লিখিতভাবে দেওয়ার আহ্বান জানান ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, ‘লিখিত প্রস্তাব পেলে দাবিগুলো বাস্তবায়ন এবং এ-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া সরকারের জন্য সহজ হবে।’
এমএইচ/এসএইচ/এএম