জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম
সোশ্যাল মিডিয়ায় গুজব, অপতথ্য ও প্রপাগান্ডা প্রতিরোধে ব্যাপক সচেতনতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন আলোচকরা। তারা বলছেন, তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো খবর বা তথ্য ছড়িয়ে দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।
‘সোশ্যাল মিডিয়ার তথ্য গুজব ও প্রপাগান্ডার যুগে আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। শনিবার (৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বলাগ মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ও মাসিক মানবজীবনের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলাগ মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আহ্বায়ক এবং অস্ট্রিয়ার মসজিদুল হিদায়ার ইমাম ও খতিব শাইখ আবদুল মতিন আজহারী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুহাম্মদ মহিববুল্লাহিল বাকী।
বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী বলেন, বর্তমান সময়ে অপতথ্য ও প্রপাগান্ডা সমাজের স্থিতিশীলতা ও সত্য প্রকাশের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নিজস্ব নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রাখতে হবে।
তিনি সরকারের উদ্যোগে পুলিশ সাইবার টিম গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন:
সাইবার আইনে ফ্যাসিস্ট হাসিনার পথেই হাঁটছে সরকার
সীমিত সম্পদ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: কুমিল্লায় কৃষিমন্ত্রী
মুহাম্মদ মহিববুল্লাহিল বাকী বলেন, যেকোনো সংবাদ বা তথ্য যাচাই না করে শেয়ার করা ইসলাম ও নীতিশাস্ত্র—উভয় দিক থেকেই অনুচিত। সোশ্যাল মিডিয়ার এই সময়ে সচেতনতা বৃদ্ধিই গুজব প্রতিরোধের অন্যতম হাতিয়ার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন অনুষ্ঠান ও সংবাদ উপস্থাপক লায়ন এম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনু, সাহাবউদ্দিন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল আমিন, পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম, কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, মুফতি নাঈমুল ইসলাম ফরিদপুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন এখন টেলিভিশনের প্রতিবেদক কামরুল হাসান জনি, দৈনিক প্রথম আলোর ধর্ম বিভাগের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মনযূরুল হক, জিবিসি পিএলসির পার্টনার ও পরিচালক মোহাইমেনুল অপু, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র প্রভাষক ডা. মুহাম্মদ সাইফুল আলম রোমান, আরএনআর ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাউদ্দিন জাহাঙ্গীর, তরুণ আলেম ও লেখক মাওলানা আশরাফ মাহদি আজহারী এবং বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মো. নাসীরউদ্দীন।
সমাপনী বক্তব্যে মাসিক মানবজীবনের সম্পাদক ও বলাগ মিডিয়া কালচারাল সোসাইটির সদস্য সচিব ইমদাদুল হক তৈয়ব উপস্থিত অতিথি, আলোচক ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের আলোচনা নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
টিএই/এসআই