Dhaka Mail Logo

জাতীয়

দ্বিতীয় বর্ষপূর্তিতে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের বনভোজন

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম

ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের ২য় বর্ষপূর্তি ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) মুন্সিগঞ্জের মডার্ন গ্রীণ পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিপুলসংখ্যক সদস্য ও আবাসন ব্যবসায়ী অংশ নেন।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে আবাসন খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময় ও যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আবাসন খাতের চলমান পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়েও নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের জেনারেল সেক্রেটারি ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ।

এ সময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকসহ অন্যান্য ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকরা উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি হিসেবে মিরপুর রিয়েল এস্টেট ফোরামের সভাপতি মো. সহিদুল ইসলাম এবং মিরপুর ও উত্তরা ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি নিজেদের মধ্যে মতবিনিময় ও পারস্পরিক যোগাযোগের সুযোগ পান অংশগ্রহণকারীরা।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে আবাসন খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বাড়াতেও এ আয়োজন ভূমিকা রাখবে।

এমআর/এআর