Dhaka Mail Logo

জাতীয়

গ্রেফতারের আগে ভিডিও বার্তায় যা বললেন মেজর (অব.) আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা দেন আখতারুজ্জামান। এতে তিনি বলেন, দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসী মানুষের আত্মরক্ষার জন্য যদি শহীদ হতে পারি।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

ভিডিও বার্তায় আখতারুজ্জামান বলেন, আসসালামু আলাইকুম। প্রিয় শুভাকাঙ্ক্ষী, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। শুধু সবাইকে জানিয়ে গেলাম। দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসী মানুষের আত্মরক্ষার জন্য শহীদ হতে পারি। আল্লাহর কাছে আমার সেই দাবি, আহ্বান যেন কবুল করেন।

আখতারুজ্জামান আরও বলেন, জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকব, আজীবন থাকব। যতদিন বেঁচে আছি, ততদিন জনগণের পাশে থাকব। জনগণের জন্য সংগ্রাম করব। জনগণের জন্য এই জীবন ত্যাগ করব। সবাই ভালো থাকবেন।

মামলায় যেসব অভিযোগ

এর আগে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

মামলার এজাহার অনুযায়ী, ব্যাপক যাত্রীচাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হয়। এ নিয়ে যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে আখতারুজ্জামান তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ সময় বিমানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাঁকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে আখতারুজ্জামানের বিরুদ্ধে।

এ ঘটনায় সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।

এআর